ফেসবুকে বাংলাদেশের সফরসূচি জানালেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক
আবারো বাংলাদেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জানালেন, আগামী, ৩ জুলাই ঢাকা থেকে শুরু হবে তার ভারতীয় উপমহাদেশের সফর। বাংলাদেশে এসে তিনি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করবেন। এরপর যাবেন কোলকাতায়।
লিওনেল মেসির সতীর্থ ও তার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার মার্টিনেজ পোষ্টে লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে ৩ জুলাই। যাত্রা শুরু হবে বাংলাদেশে, যেখানে আমি ফান্ডেড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস-এর দলগুলির সাথে দেখা করার সুযোগ পাবো।’
‘আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা পাব, সেটা নেওয়ার প্রত্যাশায় আছি।’ – যোগ করেন মার্তিনেজ।
এর আগে অবশ্য গত ২৯ মে মার্তিনেজ নিজের ফেসবুকে নিশ্চিত করেছিলেন তার বাংলাদেশ সফরের কথা। তখন তিনি বলেছিলেন, আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আমি তোমাদের ভালোবাসি।’







